খালেদা জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতিকে দেবে বিএনপি
নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব রাষ্ট্রপতিকে দেবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
মির্জা ফখরুল গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, যেহেতু সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করার দায়িত্ব রাষ্ট্রপতির, তাই খালেদা জিয়ার এই প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠাবে বিএনপি। রাষ্ট্রপতির কাছে প্রস্তাবটি দেওয়ার জন্য ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। বিএনপি এখনো সময় পায়নি।
ফখরুল বলেন, তাঁরা আশা করছেন, দেখা করে খালেদা জিয়ার প্রস্তাব উপস্থাপন করার জন্য রাষ্ট্রপতি সুযোগ দেবেন। তিনি বলেন, বিএনপি মনে করে, বর্তমান যে সংকট চলছে, সেটি নিরসনের একমাত্র উপায় হচ্ছে একটি নিরপেক্ষ সুষ্ঠু জাতীয় নির্বাচন। রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক। তিনি কোনো দলভুক্ত নন। তিনি এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করার উদ্যোগ নেবেন বলে বিএনপি আশা করছে।
গত শুক্রবার নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই দিনই বিএনপির প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।
তারেকের জন্য দোয়া: দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপি। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ওই দোয়ার আয়োজন করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ দলের নেতা-কর্মীরা তাতে অংশ নেন।
সংলাপের বিকল্প নেই: নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান। তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপের বিকল্প নেই। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মরণ মঞ্চ ওই আলোচনা সভার আয়োজন করে।