খালেদা জিয়ার বক্তব্য জঘন্য মিথ্যাচার, বললেন নাসিম
টার্গেট কিলিংয়ে আওয়ামী লীগের লোকজন জড়িত—খালেদা জিয়ার এমন বক্তব্যকে ‘জঘন্য মিথ্যাচার’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এত দিন তিনি পরোক্ষভাবে গুপ্তহত্যাকারীদের সমর্থন দিয়ে এখন প্রত্যক্ষভাবে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় নাসিম এসব কথা বলেন। গুপ্তহত্যার প্রতিবাদে সারা দেশে ১৯ জুন ১৪-দলীয় জোটের মানববন্ধন সফল করতে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, মহানগরের অন্তর্গত সাংসদ এবং বিভিন্ন পেশাজীবী নেতাদের সঙ্গে এই যৌথ সভা করা হয়।
গুপ্তহত্যার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মানুষ রুখে দাঁড়াচ্ছে জানিয়ে নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মানুষ জেগে উঠেছে। মাদারীপুরে একজন শিক্ষকে হত্যা করার জন্য হামলা চালানো হয়েছিল। কিন্তু একজন মহিলা সাহস করে মানুষকে জড়ো করেছিলেন। এরপর এলাকার জনগণ তাড়া করে একজন ঘাতককে হাতেনাতে ধরেছেন।’
যৌথ সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর রশীদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল প্রমুখ বক্তব্য দেন।