বিএনপির সম্মেলনে খালেদা জিয়ার দেওয়া বক্তব্য বিকৃত করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা ‘বিভ্রান্তিমূলক অপপ্রচার’ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এই মন্তব্য করেন।
গত শনিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের ষষ্ঠ জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের উদ্দেশে বলেন ‘শেখ হাসিনাকে বাদ দিয়ে আগামী নির্বাচন হবে।’ গণমাধ্যমে এ খবর প্রকাশের প্রতিক্রিয়ায় রোববার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ‘হাসিনাবিহীন নির্বাচন বলতে খালেদা জিয়া কী বোঝাতে চাইছেন? ২১ আগস্টের মতো আবার গ্রেনেড হামলা বা আবার হত্যার পরিকল্পনা করছে কি না? সেটাই হচ্ছে আমার প্রশ্ন।’
গতকাল সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব প্রধানমন্ত্রীর বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে বলেন, ‘আমরা আশা করেছিলাম, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাদের অভিনন্দন জানাবেন। আমরা যে একটা সফল সম্মেলন করেছি, গণতন্ত্রকে রক্ষা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বেগবান করার জন্য—সেই প্রক্রিয়াকে স্বাগত ও অভিনন্দন জানাবেন। দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ করলাম, তাঁরা তো সেটা করেনইনি বরং ম্যাডামের (খালেদা) একটি বক্তব্যকে বিকৃত করে জাতিকে বিভ্রান্ত করবার জন্য এমন সব কথা বলেছেন, যা গণতন্ত্রকে আরও কণ্টকাকীর্ণ করছে।’
ফখরুল বলেন, খালেদা জিয়া বলেছিলেন, ‘আমরা আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে চাই। অর্থাৎ, নির্বাচনকালে একটা নিরপেক্ষ সরকার থাকবে, সেটাই আমাদের চাওয়া। সে সময়ে সেই নিরপেক্ষ সরকারে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন না, এটাই আমাদের আশা।’ অর্থাৎ, তিনি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। এটাই তিনি (খালেদা জিয়া) বলেছেন।
মির্জা ফখরুল বলেন, ‘দুঃখজনকভাবে খালেদা জিয়ার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। এটাকে বিকৃত করে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন সত্যিকার অর্থে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চান। এ কারণে তিনি হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিএনপি আশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সরকারের মন্ত্রী ও দলের নেতারা এই আহ্বান গ্রহণ করবেন। আলাপ-আলোচনা-সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসন করবেন।