খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ ঘাতক-দালাল নির্মূল কমিটির
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি। আজ মঙ্গলবার সংগঠনটির দেওয়া এক বিবৃতিতে খালেদা জিয়ার এই বক্তব্যের জন্য দেশ ও জাতির কাছে বিএনপিকে ক্ষমা প্রার্থনারও দাবি জানানো হয়।
গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।’
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির বিবৃতিতে সংগঠনের সভাপতি গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সহসভাপতি মুনতাসীর মামুন, সাধারণ সম্পাদক কাজী মুকুল, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌস প্রিয়ভাষিণী ও চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার স্বাক্ষর করেন।
বিবৃতিতে বলা হয়, ‘খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সরকারি ও স্বীকৃত পরিসংখ্যান অস্বীকার করে আবারও প্রমাণ করেছেন ’৭১-এ তিনি যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর অনুগত ছিলেন, এখনো সেই অবস্থানে অটল রয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংস্থা বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা ৩০ লাখÿবলেছে। তবে গণহত্যাকারী পাকিস্তান এবং তাদের গণহত্যার সহযোগীরা সব সময় এই পরিসংখ্যান অস্বীকার করেছে।
বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাজোট সরকার ক্ষমতায় এসে যখন যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণ করেছে—তখন থেকে বহুবার ইউরোপের ‘হলোকাস্ট অস্বীকৃতি আইন’-এর মতো আইন প্রণয়নের দাবি করেছে ঘাতক-দালাল নির্মূল কমিটি। ইতিহাস বিকৃতি প্রতিহত করতে গণহত্যার ভিকটিম ইউরোপের ১৪টি দেশ ‘হলোকাস্ট অস্বীকৃতি আইন’ প্রণয়ন করেছে, যে আইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার পরিসংখ্যান অস্বীকার করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে ঘাতক-দালাল নির্মূল কমিটি বলেছে, এমন আইন না করলে ভবিষ্যতে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার লেশমাত্র থাকবে না এবং ’৭১-এর শহীদদের অবমাননাও বন্ধ হবে না।