খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে বিএনপি দাবি করেছে, নাশকতার মামলাটি ‘মিথ্যা’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। এ মামলার উদ্দেশ্য একটাই—রাজনৈতিকভাবে হেয় করা, হয়রানি করা।
গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। তিনি অবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা প্রত্যাহারের দাবি জানান। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, কাজী আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসচিব বলেন, এ মামলাটি অবরোধ চলার সময়ে করা। ওই সময়ে বালুর ট্রাক ও তিন স্তরের বেষ্টনীতে দেশনেত্রী অবরুদ্ধ ছিলেন। বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এমনকি খাবার পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি। কেবল রাজনৈতিক হয়রানির জন্য এ মামলা করা হয়েছে। তিনি বলেন, এ মামলায় পুলিশ যে অভিযোগপত্র দিয়েছে, তাতে খালেদা জিয়াকে পলাতক দেখানো হয়েছে। তিনি কখনো পলাতক ছিলেন না।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, এভাবে দমন-পীড়ন করে খালেদা জিয়াকে দাবিয়ে রাখা যাবে না। অতীতেও কোনো নির্যাতনের কাছে তিনি নতি স্বীকার করেননি। বিএনপির নেতা-কর্মীরা নতি স্বীকার করবে না।’
মির্জা ফখরুল সবার অংশগ্রহণে সংসদ নির্বাচন অনুষ্ঠানে সংলাপে বসতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন সব প্রতিহিংসা, নির্যাতন-নিপীড়ন বাদ দিয়ে খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে আলাপ-আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক সংকটের অবসান করুন।’
গত বুধবার বিএনপির মহাসচিব হওয়ার পর মির্জা ফখরুল গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় বিপুলসংখ্যক নেতা-কর্মী ফুল নিয়ে তাঁকে ও দলের নবনিযুক্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানাতে আসেন।
মির্জা ফখরুল বলেন, ‘অনেকে শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে এসেছেন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের আজ ফুল খেলবার দিন নয়। আমরা আজ উচ্ছ্বসিত হতে পারছি না। কারণ, আমরা গণতন্ত্রের জন্য যে সংগ্রাম-লড়াই করছি, সেই সংগ্রামে আমাদের অসংখ্য নেতা-কর্মী নিহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে একটি সম্পূর্ণ মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সমগ্র দেশে এখন একটা ত্রাসের রাজত্ব চলছে।’