খালেদা জিয়ার বিরুদ্ধে কয়লাখনি দুর্নীতি মামলা সচল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির অভিযোগে করা মামলা বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে এ রায় প্রকাশিত হয়।
গত বছরের ১৭ সেপ্টেম্বর বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে খালেদা জিয়ার আবেদন খারিজ করে বিচারিক আদালতে মামলাটির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতে মামলাটির কার্যক্রমের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ায় এটি চলতে আর কোনো বাধা নেই। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত আবেদনটি খারিজ করেন। উচ্চ আদালতের রায়ের অনুলিপি যাওয়ার পর বিচারিক আদালতে মামলাটি আবার চালু হবে। হাইকোর্ট মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে বলেছেন।
আইনজীবীরা জানান, মামলাটি ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন পর্যায়ে আছে।
অবশ্য খালেদা জিয়ার আইনজীবী রাগীব রউফ চৌধুরী প্রথম আলোকে বলেছেন, তাঁরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এই মামলায় খালেদা জিয়া আগে থেকেই জামিনে আছেন। রায়ে তাঁকে আত্মসমর্পণ করা বা নতুন করে জামিন নেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক এ মামলাটি করে। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। প্রাথমিক শুনানি শেষে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ রুল দেন। খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া মামলা কেন বাতিল করা হবে না, তা ওই রুলে জানতে চাওয়া হয়। এ ছাড়া নিম্ন আদালতে এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন আদালত। গত বছর রুল শুনানি শেষে রায় ঘোষণা করেন আদালত।