ধর্মীয় উসকানি ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার একটি নালিশি মামলা হয়েছে। আদালত রাজধানীর শাহবাগ থানার পুলিশকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আগামী ১৯ নভেম্বরের মধ্যে তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। গতকাল সকালে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মুখ্য মহানগর হাকিম আদালতে দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারায় এই নালিশি আবেদন করেন।
আদালতের একটি সূত্র জানায়, এই দুই ধারায় মামলা করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বিধান রয়েছে। তাই আদালত শাহবাগ থানার পুলিশকে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।
নালিশি মামলায় অভিযোগ করা হয়, হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়া উপলক্ষে ১৪ অক্টোবর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া সংক্ষিপ্ত বক্তব্যে আওয়ামী লীগ সম্পর্কে নানা কটূক্তিপূর্ণ সমালোচনা করেন। তিনি বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো নিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা এই জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কাছে কোনো ধর্ম নিরাপদ নয়। বিএনপি কারও সম্পত্তি দখল করেনি। এ ধরনের বক্তব্য দিয়ে ধর্মীয় উসকানি ও সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে; যা দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন রওশন আরা শিকদার।
বিএনপির নিন্দা: এই নালিশি মামলার তীব্র নিন্দা করেছে বিএনপি। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই মামলা দায়েরের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তিনি বলেন, ‘এ ধরনের বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা মামলা দিয়ে দেশের মানুষের আশা-ভরসার স্থল দেশনেত্রী খালেদা জিয়াকে অহেতুক হয়রানি করার এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখার একটি অপকৌশল মাত্র।’ তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই মামলা প্রত্যাহারের আহ্বান জানান।