প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সজীব ওয়াজেদ জয় পরিষদ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। জয় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে সজীব ওয়াজেদ জয় পরিষদের চট্টগ্রাম জেলার আহ্বায়ক মো. আবুল হাসনাত লিখিত বক্তব্য পড়ে শোনান। পরে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
লিখিত বক্তব্যে বলা হয়, সজীব ওয়াজেদ জয়কে সাংবাদিক শফিক রেহমান আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে অপহরণ ও হত্যার চেষ্টা চালিয়েছেন। এতে তরুণসমাজ ক্ষুব্ধ। ষড়যন্ত্র ও চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপির নেত্রী খালেদা জিয়া সজীব ওয়াজেদ জয় সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছেন। তাঁর এই বক্তব্যকে চ্যালেঞ্জ করেছেন সজীব ওয়াজেদ এবং বলেছেন এই চ্যালেঞ্জের জবাব দিতে। খালেদা জিয়ার উচিত চ্যালেঞ্জের জবাব দিতে না পারলে সজীব ওয়াজেদের কাছে ক্ষমা চাওয়া।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান অভিযোগ করেন, ১০ ট্রাক অস্ত্র পাচার করে প্রতিবেশী দেশের সঙ্গে তিক্ততা বাড়ানো, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্যতার চেষ্টা, শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যে বিডিআর বিদ্রোহ ঘটিয়ে নতুন সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা এবং জঙ্গিদের সহযোগিতা করে দেশের মানুষকে হুমকির মুখে ফেলেছিল বিএনপি। বর্তমান সরকার একে একে সব ঘটনার বিচার করছে। এখন বিএনপি সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে দেশের মানুষ এই ষড়যন্ত্র বানচাল করে দেবে বলে মফিজুর রহমান উল্লেখ করেন।