খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় সমন জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। গতকাল বুধবার দুপুরে রাজশাহী কলেজ চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।
দুপুর ১২টায় রাজশাহী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি কলেজের প্রধান ফটক পার হয়ে মূল রাস্তায় বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি কলেজের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
ওই সমাবেশে বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাকে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ আখ্যা দিয়ে বলেন, বর্তমান সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়ার নামে সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক মামলা করেছে। ষড়যন্ত্রমূলক এই মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।
মহানগর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মুর্তুজা ফামিনের পরিচালনায় সমাবেশে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান, শাহ মখদুম থানা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান মিলন, বোয়ালিয়া থানা ছাত্রদলের সভাপতি রফিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।