খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদে ঘেরাও কর্মসূচি
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আজ শনিবার তাঁর বাসভবন ঘেরাও করার কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। কর্মসূচি থেকে খালেদা জিয়ার বিচারের দাবি উঠেছে।
‘শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে’—খালেদা জিয়ার এমন মন্তব্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ কর্মসূচি পালন করে। তবে পুলিশের বাধায় তাঁরা বাসভবন পর্যন্ত যেতে পারেননি।
সকাল ১০টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কয়েক শ সদস্য বনানী মাঠের পাশে জমায়েত হন। এরপর তাঁরা মিছিল নিয়ে গুলশান-২ নম্বরে খালেদা জিয়ার বাসার দিকে যেতে চাইলে বনানী-গুলশান লিংক রোডে ওঠার মুখে পুলিশের তাঁদের আটকে দেয়। পরে তাঁরা সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে খালেদা জিয়ার বিচার, ইতিহাস বিকৃতকারী সব ব্যক্তি সংগঠনকে আইনের আওতায় আনা এবং তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ, ২ নম্বর সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের মেয়ে মাহজাবীন খালেদ, সাংসদ নাহিন রাজ্জাক, শহীদ বুদ্ধিজীবী ডা. আবদুল আলীম চৌধুরীর মেয়ে নূজহাত চৌধুরী প্রমুখ।