খালেদা জিয়ার মুক্তি চায় এলডিপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ শনিবার সকালে রাজধানীর পূর্ব পান্থপথ এলাকায় দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে দলটির সভাপতি অলি আহমদ এ দাবি জানান।
সরকারি টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ছয় আসামিকে মোট ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এলডিপির সভাপতি দাবি করেন বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার প্রতি এরূপ আচরণ জাতি আশা করেনি। ন্যায়বিচারের স্বার্থে সবার উচিত এর প্রতিবাদ করা। তিনি অভিযোগ করেন, বড় দুর্নীতিবাজেরা সাজা পাচ্ছে না, অথচ খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। যখন যে ক্ষমতায় থেকেছে, তখন সে নিজের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা প্রত্যাহার করেছে।
এক প্রশ্নের জবাবে অলি বলেন, তিনি মনে করেন, বিএনপির নেতৃত্বে সংকট হবে না। একজনের অনুপস্থিতিতে আরেকজন নেতৃত্বের জায়গা পূরণ করবে।
এই সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।