খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকার হাতিরপুলে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্বঘোষিত এই কর্মসূচি আজ বৃহস্পতিবার দুপুরে হাতিরপুল এলাকায় পালন করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এতে কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।
ছাত্রদল সূত্র জানায়, রাজধানীর মগবাজার চৌরাস্তায় এই কর্মসূচি করার কথা ছিল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে স্থান পরিবর্তন করে বাংলামোটরে নিয়ে যাওয়া হয়। পরে হাতিরপুল এলাকায় বিক্ষোভ করে ছাত্রদল।
সরেজমিনে দেখা গেছে, পুরাতন মাইটিভি ভবনের সামনে থেকে ছাত্রদল নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করে ইস্টার্ন প্লাজার সামনের সড়ক হয়ে হাতিরপুল বাজারের কাছে গিয়ে শেষ করেন।
এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে বিক্ষোভে সংগঠনটির সহসভাপতি এজমল হোসেন, আবু আতিক আল হাসান, মামুন বিল্লাহ, নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ অংশ নেন।