খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো প্রধানমন্ত্রীর মহানুভবতা: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: বাসস

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে দ্বিতীয়বার কারামুক্তি দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজিরবিহীন মহানুভবতা। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিরবিহীন মহানুভবতার পরিচয় দিয়েছেন। অপরদিকে ধন্যবাদের সংস্কৃতি লালন করে না বলে বিএনপি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেও ব্যর্থ হয়েছে।’
তথ্যমন্ত্রী শনিবার দুপুরে ঢাকায় তথ্যমন্ত্রীর সরকারি বাসভবনে টেলিভিশন শিল্পী কলাকুশলীদের বিভিন্ন সংগঠনের জোট ‘ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) ’ এর নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বক্তব্যের শুরুতেই মন্ত্রী সদ্যপ্রয়াত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব) আবু ওসমান চৌধুরী এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেন। হাছান মাহমুদ প্রয়াতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিমের টাকা আত্মসাতের কারণে দুর্নীতির দায়ে ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে (খালেদা জিয়া) নজিরবিহীনভাবে দণ্ডবিধির ৪০১ ধারার ক্ষমতাবলে মুক্তি দিয়েছেন। ছয় মাসের জন্য প্রাথমিকভাবে মুক্তি দেওয়া হয়েছে, পরে আরও ছয় মাস বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, ‘এই প্রথম সিআরপিসির (দণ্ডবিধি) ৪০১ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে প্রধানমন্ত্রী সেটা প্রয়োগ করেছেন। এতে বিএনপির ধন্যবাদ জানানো প্রয়োজন ছিল। কিন্তু বাস্তবিক অর্থে বিএনপি ধন্যবাদ জানানোর সংস্কৃতিটা লালন করে না। এ জন্য তারা ধন্যবাদ জানাতে ব্যর্থ হয়েছে।’

মন্ত্রী এ সময় বলেন, ‘বিএনপির কাছে আমার প্রশ্ন-এই পরিস্থিতি যদি উল্টোভাবে ভাবি, খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী থাকতেন, তিনি কি শেখ হাসিনার জন্য এই ব্যবস্থা গ্রহণ করতেন? আমি নিশ্চিতভাবে বলতে পারি, করতেন না। কারণ যিনি ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য, হত্যাকারীদের উৎসাহিত করার জন্য নিজের জন্মের তারিখটাই বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কাটেন, দেশের প্রধানমন্ত্রী তাঁর দরজায় গিয়ে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকার পরও যিনি দরজা খোলেননি, যাঁর জ্ঞাতসারে তাঁর পুত্র ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ভুলে তাঁকে এই মহানুভবতা দেখিয়েছেন, এটি নজিরবিহীন।’

গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আমরা দেখেছি গণতন্ত্র পুনরুদ্ধারের নামে বিএনপি যেভাবে ভোট বানচাল করার চেষ্টা করেছে, ৫০০ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছে, শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, এমনকি পোলিং অফিসারকে হত্যা করেছে। এই যদি তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নমুনা হয়! প্রকৃতপক্ষে বিএনপি হচ্ছে গণতন্ত্রের জন্য হুমকি।’

টিআরপি নির্ধারণে কমিটি

এফটিপিও নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে হাছান মাহমুদ বলেন, টিআরপি ব্যবস্থাকে নিয়ম-নিয়ম নীতির মধ্যে আনতে তিন মাস আগ থেকে তথ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমরা একটি কমিটি গঠন করে দিয়েছি। এই কমিটি সুপারিশ করবে কিভাবে বিজ্ঞানসম্মতভাবে এবং অন্যান্য দেশে যেভাবে টিআরপি নির্ধারণ করা হয়, সেই পদ্ধতিতে আমাদের দেশে কীভাবে টিআরপি নির্ধারণ করা যায়।
এফটিপিও আহ্বায়ক নাট্যকার মামুনুর রশীদের নেতৃত্বে সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে সালাহউদ্দীন লাভলু, নাসিম, এজাজ মুন্না, এস এ হক অলীক, সাজু খাদেম, ইরেশ যাকের, গাজী রাকায়েত এবং আনজাম মাসুদ বৈঠকে অংশ নেন।