খালেদা জিয়ার সংবাদ সম্মেলন শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ১৮ নভেম্বর শুক্রবার সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, শুক্রবার বিকেল ৪টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে। নতুন কমিশনের অধীনেই ২০১৯ সালের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশন গঠন নিয়ে সুনির্দিষ্ট কোনো আইন নেই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শক্রমে প্রধান নির্বাচন কমিশনার ও অপর নির্বাচন কমিশনার নিয়োগ দেন।

বিএনপির একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেছেন, খালেদা জিয়া তাঁর প্রস্তাবনায় নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও মতৈক্যের ভিত্তিতে সিইসি ও অন্যান্য কমিশন নিয়োগের ওপর গুরুত্বারোপ করবেন। সূত্র জানায়, খালেদা জিয়া কোনো নাম প্রস্তাব করবেন না।