বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরােজ্যর পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী অলোক শর্মা। গতকাল শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুিষ্ঠত হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও উপদেষ্টা রিয়াজ রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা, প্রশিক্ষণ-সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসা-সংক্রান্ত অসুবিধার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হয়। এখন যুক্তরাজ্যের ভিসা সরাসরি ঢাকা থেকে করা যায় না, ভারতের নয়াদিল্লি থেকে করতে হয়। বাংলাদেশ সম্পর্কে অলোক শর্মা বলেছেন, তাঁরা সব সময় বাংলাদেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান। তিন দিনের সফরে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসেন অলোক শর্মা।