খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় খুশি কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘আমি জামায়াতের সঙ্গে রাজনীতি করব না। বঙ্গবন্ধুর রাজনীতি নিয়ে আমি মরতে চাই।’ তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তাতে জড়িত হবেন না। সে সম্পর্কে জানতে পারলে জীবন দিয়ে হলেও শেখ হাসিনাকে রক্ষার চেষ্টা করবেন। একইভাবে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রও সহ্য করবেন না।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে কাদের সিদ্দিকী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সব বিষয়ে একমত না হলেও খালেদা জিয়ার কথায় তিনি খুশি। জাতীয় প্রশ্নে তাঁর সঙ্গে খালেদা জিয়ার বেশি অমিল নেই।
কাদের সিদ্দিকী বলেন, বৈঠকে আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে জানাবেন। তিনি বলেন, তিনি বিএনপির চেয়ারপারসনের আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। এতে তাঁকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। তবে কোন বাধা বা কার পক্ষ থেকে এ বাধা, সে ব্যাপারে তিনি কিছু জানাননি।
কাদের সিদ্দিকী বলেন, প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে। এর মধ্যে কিছু সময় খালেদা জিয়ার সঙ্গে তাঁর একান্ত আলাপ হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগের একটি সূত্র জানায়, এ বৈঠকে বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের বিভিন্ন সময়ের কটূক্তি এবং ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়টি আলোচনায় আসে। এগুলো না করার জন্য বিএনপিকে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগের বিষয়টিও আসে।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, তা কীভাবে দূর করা যায় এবং জাতিকে কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, তা নিয়ে আলোচনা ও পরামর্শ করার জন্যই কাদের সিদ্দিকীকে বিএনপির চেয়ারপারসন আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য তিনি কাদের সিদ্দিকীকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।