‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কোনো ঐক্য করতে যাইনি, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম।’ গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী এ কথা বলেছেন।
বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের আলোচনার বিষয় সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
ঐক্য করতে যাননি বললেও সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের নেতৃত্ব দিতে হলে প্রথমে স্পষ্টভাবে বলতে হবে, জামায়াত আর জোটে নেই। এ ঐক্যে যেমন জামায়াত থাকবে না, তেমনি জঙ্গি গণবাহিনীও থাকবে না।
সংবাদ সম্মেলনের শুরুতে কাদের সিদ্দিকীর স্ত্রী ও দলের জ্যেষ্ঠ সহসভাপতি নাসরিন সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়া আমাদের ডেকেছিলেন, কালকে (বৃহস্পতিবার) আমরা গিয়েছিলাম দেশে যাতে জঙ্গি দমন হয়, সে কারণে একটি ঐক্য করতে।’
স্ত্রীর বক্তব্য সংশোধন করতে গিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আমার স্ত্রী খুব সহজ-সরল সাদামাটা মানুষ। সে জন্য অনেক কথা কূটনৈতিক বা রাজনৈতিকভাবে চিন্তা করেননি। আমরা খালেদা জিয়ার সঙ্গে কোনো ঐক্য করতে যাইনি, দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়েছিলাম।’
তবে দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের প্রচেষ্টা নেওয়া দরকার, এ অভিমত জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, সেখানে যেমন জামায়াত থাকবে না, তেমনি বঙ্গবন্ধুর সরকারকে উৎখাতের জন্য দেশকে অস্থিতিশীল সৃষ্টিকারী গণবাহিনীও থাকবে না।
একই ধরনের আহ্বান সরকার জানালে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘যাওয়া দূরের কথা, আমি তো যেয়েই আছি। বাংলাদেশকে রক্ষার জন্য যেকোনো কাজে, জামায়াত ছাড়া আর জঙ্গি গণবাহিনী ছাড়া যাদের কাছে গিয়ে মনে হবে সত্যিকার অর্থে কিছু হবে, আমি তো সেখানে যেয়েই আছি।’
আলোচনায় খালেদা জিয়াকে কয়েকটি প্রস্তাব দিয়েছেন জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘বলেছি জামায়াতকে নিয়ে রাজনীতি করব না। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে তাঁকে অবহেলা করে কেউ রজনীতি করলে তাঁর সঙ্গে থাকব না। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে খালেদা জিয়ার যদি প্রকৃত জন্মদিনও হয়, সেটা পালন করা চলবে না।’
খালেদা জিয়া কী বলেছেন, প্রশ্ন করলে কাদের সিদ্দিকী বলেন, ‘এত তাড়াহুড়ার কী, আমরা প্রস্তাব দিয়েছি, দেখা যাক। নিশ্চয়ই আমাদের সব প্রস্তাব মানবে না। আর আমাদের মানার মতো প্রস্তাব কেউ স্বীকার না করলে তাদের সঙ্গে বনিবনা হবে না। এটা একটা বিয়ের ঘটকালির মতো। বিয়ে হয় উভয়ের পছন্দে, রাজনীতিও।’
অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বক্তব্য বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, এমাজউদ্দীন আহমদ যে মতামত ব্যক্ত করেছেন, তারপরে জামায়াতের ওই রকম ঔদ্ধত্য সহ্য করা যায় না। যদিও জামায়াত ও বিএনপির মহাসচিবের বক্তব্য সত্য। কিন্তু একজন প্রবীণ মানুষের একটি মন্তব্য এভাবে উড়িয়ে দেওয়া যায় না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, সহসভাপতি আবদুল্লাহ বীরপ্রতীক প্রমুখ।