খালেদা জিয়ার সঙ্গে চীনা দলের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ সফরে আসা চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। তাঁরা প্রায় এক ঘণ্টা কথা বলেন।
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস মিনিস্টার চ্যান ফেংজিয়াংয়ের নেতৃত্বে ১১ জন সদস্য খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, বিএনপির সঙ্গে দলগত সম্পর্ক জোরদার করতে চায় চীনা কমিউনিস্ট পার্টি। এর জন্য প্রতিনিধিদলের একজন সদস্য প্রস্তাব করেছেন, তিনটি প্রক্রিয়ায় এ সম্পর্ক জোরদার হতে পারে। প্রথমত, দুই দলের নেতাদের মধ্যে ‘এক্সচেঞ্জ ভিজিট’ করা। দ্বিতীয়ত, দুই দলের কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি চালু করা। তৃতীয়ত, চীনের উন্নয়ন প্রতিষ্ঠানে বিএনপির নেতা-কর্মীদের লেখাপড়া ও গবেষণার সুযোগ দিয়ে ‘থিঙ্কট্যাঙ্ক’ শক্তিশালী করা।
মঈন খান বলেন, ‘এই প্রস্তাব তারা (চীন) দিয়েছে। আমরা তার সঙ্গে একমত হয়েছি।’
সাক্ষাতের সময় বিএনপির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ, নির্বাহী পরিষদের সদস্য শামা ওবায়েদ।