খালেদা জিয়ার সঙ্গে চীনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেছে। তাঁরা প্রায় এক ঘণ্টা কথা বলেন।
সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চীন তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। চীন আগেই বলেছে, বাংলাদেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছিল। এরই ধারাবাহিকতায় পরবর্তী সরকারগুলোর সঙ্গেও চীনের সম্পর্ক জোরালো হয়।
মঈন খান বলেন, চীন জাতীয়তাবাদী রাজনীতি করে, বিএনপিও জাতীয়তাবাদের রাজনীতি করে। এ কারণে চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক আগে থেকেই নিবিড়।
সাক্ষাতে ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী কুও ইয়ে জো। তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
সাক্ষাতের সময় বিএনপির পক্ষে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।
মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এ বছর চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে প্রতিনিধিদলটি ঢাকায় আসে। তাঁরা আশা করেছেন, দুই দেশের সরকার ও জনগণের মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে।
‘সংবাদপত্রের কালো দিবস’: গতকাল এক বাণীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ১৬ জুনকে সংবাদপত্রের জন্য কালো দিবস হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন বাক্স্বাধীনতা হরণের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন। এই দিনে তৎকালীন বাকশাল সরকার অনুগত চারটি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে মুক্তচিন্তা ও মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করেন।