খালেদা জিয়ার সঙ্গে জাপার (জাফর) বৈঠক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জাতীয় পার্টির (কাজী জাফর আহমদ) বৈঠক হয়েছে। আজ রোববার গুলশানে রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপি ও জাতীয় পার্টির পক্ষ থেকে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
তবে বৈঠকের একটি সূত্র প্রথম আলোকে জানায়, নির্বাচন কমিশন গঠন ও আগামীর জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের ফল আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে। এসব নির্বাচনে সরকার পরিবর্তন হয় না, সেখানেও তারা এমন করেছে। জাতীয় নির্বাচনেও যে তারা এমন করবে না তার নিশ্চয়তা কোথায়? এ সময় তিনি এইচ এম এরশাদের আমলের নির্বাচনের কথা উল্লেখ করেন। খালেদা জিয়া বলেন, সুষ্ঠু, অবাধ ও নির্বাচনের নিশ্চয়তা না পেলে শুধু অবৈধ সরকারের বৈধতার নির্বাচনে গিয়ে লাভ নেই।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ টি এম ফজলে রাব্বী, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীবসহ জাপার ১৬ জন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন।