খালেদা জিয়ার সঙ্গে বার্নিকাটের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন মার্শা বার্নিকাট। গতকাল সোমবার সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার বাসায় এ বৈঠক হয়।
বৈঠক শেষে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে তাদের মতামত তুলে ধরার আহ্বান জানিয়েছেন মার্শা বার্নিকাট। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মতামত ও ভাবনা জানতে পারার সুযোগকে বার্নিকাট সাধুবাদ জানান। গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার দেশটির উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রেখেছে বলে তিনি মন্তব্য করেন।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে ওই বৈঠক হয়েছে। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, রাজনীতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে কীভাবে গণতান্ত্রিক দেশ হিসেবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের মুখে সরাসরি উত্তর না দিয়ে মঈন খান বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, কখন মধ্যবর্তী নির্বাচন দেবে, দেবে কি দেবে না তা সরকার বলতে পারে।
বৈঠকে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
সরকার টিকে আছে খুন-গুম, হামলা মামলা দিয়ে: খালেদা জিয়া বলেছেন, ‘এ সরকার টিকে আছে খুন, গুম, হামলা ও মিথ্যা মামলা দিয়ে আর পুলিশকে ব্যবহার করে। তাই পুলিশ বলে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। বাহ্! কী চমৎকার স্লোগান।’
গতকাল রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কৃষক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, পুলিশ নিজেদের দেশের রাজা বলে। কৃষক কেন নিজেদের রাজা বলতে পারবে না? তারাই তো উৎপাদন করে দেশের মানুষকে খাওয়ায়। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এটা মিথ্যা কথা। অর্ধেক খাদ্য বিদেশ থেকে আমদানি করে কি স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়? আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নই।’ তিনি সত্যিকারের কৃষকদের নিয়ে সব পর্যায়ে কৃষক দল গঠনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
কৃষক দলের সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভাটি শুরু হয় রাত সাড়ে নয়টায়।