খালেদা জিয়ার সঙ্গে বার্নিকাটের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। গতকাল বুধবার বিকেল পৌনে পাঁচটায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ বৈঠক হয়। তাঁরা প্রায় দুই ঘণ্টা কথা বলেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। বিএনপি পরে এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলেনি।
তবে মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত গণমাধ্যমের কর্মীদের একটি লিখিত বক্তব্য দেন। তাতে তিনি বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি অনুধাবন করা একজন রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব। সম্প্রতি আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছি। এরই ধারাবাহিকতায় আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ভবিষ্যতেও আমি অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখব।’