খালেদা জিয়ার সফর ঘিরে বিরোধের আগুনে ঘি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ ধরে কিশোরগঞ্জ জেলা বিএনপি দ্বিধাবিভক্ত। অভ্যন্তরীণ দ্বন্দ্বে সাংগঠনিক অবস্থা নড়বড়ে। এতে দলীয় কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেওয়ায় সম্প্রতি জেলার ১৩ উপজেলা ও আট পৌর কমিটি বিলুপ্ত করা হয়। আবার রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হয়ে জেলা কমিটির সভাপতি প্রবাস জীবনযাপন করছেন।
এ রকম পরিস্থিতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বুধবার কিশোরগঞ্জ সফরে আসছেন। নেত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে দূরত্ব কমে আসবে বলে সাধারণ নেতা-কর্মীরা ধারণা করেছিলেন। কিন্তু বাস্তবে বিভক্তি না কমে আরও বেড়েছে। দলটির একটি অংশ পৃথকভাবে নেত্রীকে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিয়ে পুরোনো বিরোধের আগুনে ঘি ঢেলে দিয়েছে।
আলাদাভাবে চেয়ারপারসনকে শুভেচ্ছার প্রস্তুতির কারণ জানতে চাইলে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাংসদ মাসুদ হিলালী প্রথম আলোকে বলেন, ‘আয়োজকদের পক্ষ থেকে দাওয়াত না পেলে কী আর করা। ম্যাডামকে তো (খালেদা জিয়া) শুভেচ্ছা জানাতে হবে। এ কারণে পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার নেতা-কর্মীদের নিয়ে আমরা পুলেরঘাট বাজারে সমবেত হয়ে নেত্রীকে স্বাগত জানাব।’
মাসুদ হিলালী দুটি ধারার একটির নেতৃত্বে আছেন। অপরটির নেতৃত্বে আছেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এম. ওসমান ফারুক। তিনি খালেদা জিয়ার কিশোরগঞ্জ সফরের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
এ প্রসঙ্গে এম. ওসমান ফারুক বলেন, ‘ম্যাডামের আসা উপলক্ষে সব নেতাকে প্রস্তুতি সভার চিঠি দেওয়া হয়েছে। তাঁদেরও (মাসুদ হিলালী পক্ষ) দেওয়া হয়েছে।’
জানা যায়, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি এবং দলীয় কর্মীদের উজ্জীবিত করতে সারা দেশ সফরের অংশ হিসেবে খালেদা জিয়া বুধবার বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে বক্তব্য দেবেন। ওই জনসভায় মাসুদ হিলালী পক্ষ যোগ দিচ্ছে না, এমন খবরে দলটিতে এখন চলছে নানা আলোচনা।
নেতা-কর্মীরা জানান, দেড় যুগ আগের কমিটির আহ্বায়ক ছিলেন মাসুদ হিলালী। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এম. ওসমান ফারুককে সভাপতি ও ওয়ালিউল্লাহ রব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি গঠনের পর মাসুদ হিলালীর সঙ্গে ওসমান ফারুকের বিরোধ শুরু হয়। জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূইয়া ও জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর মোল্লা এ বিরোধে জড়িয়ে মাসুদ হিলালীর পক্ষে কাজ করা শুরু করেন। পরে ওসমান ফারুকের সঙ্গ ত্যাগ করে ওয়ালিউল্লাহ রব্বানীও মাসুদ হিলালীর পক্ষ নেন। নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের কারণে কেন্দ্র থেকে কৃষক শ্রমিক জনতা লীগের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে দলে ভেড়ানো হয়। পরে ২০১১ সালের ২ জুলাই ফজলুর রহমানকে সভাপতি ও মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ওই কমিটিরও বিরোধিতা করে মাসুদ হিলালী পক্ষ। ছয় মাস আগে ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হলে তিনি বিদেশ থেকে আর ফিরে আসেননি। এ অবস্থায় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শরীফুল আলমকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এখানেও ঘোর আপত্তি মাসুদ হিলালী পক্ষের।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, খালেদা জিয়ার আগমন উপলক্ষে কিশোরগঞ্জ তোরণের শহরে পরিণত হয়েছে। সার্কিট হাউস সড়কে কয়েক গজ পর পর তোরণ নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ৫৬ কিলোমিটারজুড়ে বিপুলসংখ্যক তোরণ নির্মাণ করা হয়েছে। প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শরীফুল আলম বলেন, প্রস্তুতির প্রধান কাজগুলো শেষ করা হয়েছে।