খালেদা জিয়ার সাক্ষাতের অপেক্ষায় নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিন দিন ধরে লন্ডনে অবস্থান করলেও এখনো তাঁর সাক্ষাৎ পাননি দলের নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে সভা বা সাক্ষাতের কোনো সময়সূচিও ঘোষণা করা হয়নি। এ অবস্থায় দলের প্রধানের সাক্ষাৎ পেতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন নেতা-কর্মীরা।

খালেদা জিয়ার সফর উপলক্ষে ইতিমধ্যে বিএনপির কয়েকজন নেতা বাংলাদেশ থেকে লন্ডনে এসে পৌঁছেছেন। তবে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত তাঁদের সঙ্গেও খালেদা জিয়ার দেখা হয়নি। খালেদা জিয়ার চিকিৎসকের কাছে যাওয়ার দিনক্ষণও এখনো ঠিক হয়নি। পরিবারের সঙ্গেই গত তিন দিন কাটিয়েছেন বিএনপির চেয়ারপারসন। গত বুধবার সকালে খালেদা জিয়া লন্ডনে আসেন।

যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা বলেন, খালেদা জিয়া তাঁর ছেলে তারেক রহমানের বাসায় আছেন। বাসাটি আবাসিক এলাকা হওয়ায় সেখানে জড়ো হওয়া সম্ভব হচ্ছে না।

নেতা-কর্মীরা যাতে অনুমতি ছাড়া তারেক রহমানের বাসার দিকে না যান, সে বিষয়ে কড়া নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি প্রথম আলোকে বলেন, দীর্ঘ আট বছরের বেশি সময় হয়ে গেছে বিএনপির শীর্ষ দুই নেতা এক মঞ্চে দাঁড়াননি। দুই নেতাকে নিয়ে তাঁরা শিগগিরই একটি সমাবেশ আয়োজনের চেষ্টা করছেন।

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, গত বুধবার খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে শত শত নেতা-কর্মী হিথরো বিমানবন্দরে হাজির হয়েছিলেন। কথা ছিল বিমানবন্দর থেকে বের হয়েই নিকটবর্তী সোফিটেল হোটেলের একটি মিলনায়তনে তিনি নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি।