খালেদা জিয়ার সাত দফার ভিত্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাত দফা দাবি জানিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা ২০১৩ সালের। ২০১৪ সালের নির্বাচনের সঙ্গে সঙ্গে তাঁর এই দাবিও শেষ হয়ে গেছে। এখন এ দাবির কোনো ভিত্তি নেই। ২০১৫ সালের সঙ্গে এ বক্তব্যের কোনো সামঞ্জস্য নেই।
গতকাল শনিবার সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো আপস হবে না। আন্দোলনের নামে দেশে অরাজকতাসহ মানুষ হত্যা, গাড়ি ভাঙচুর করে নৈরাজ্য করা হয়। যে কারণে তাঁদের আর কোনো ছাড় দেওয়া হবে না। ৫ জানুয়ারি গণতন্ত্র দিবসে ১৪-দলীয় জোটের সব নেতা-কর্মীকে মাঠে থাকতে হবে।
গত বছরের নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচন না হলে দেশে সামরিক শাসন আসত। গণতন্ত্র ধ্বংস হয়ে যেত। জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করেছেন বলেই আজ দেশে গণতন্ত্র রয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, রেজাউল করিম তানসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান প্রমুখ।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া সাত দফায় জঙ্গি ও রাজাকারদের সঙ্গে রাজনীতি পরিহারের কথা বলেননি। নাশকতা, অন্তর্ঘাতের জন্য তওবা করেননি। ভুল স্বীকার ও ক্ষমাপ্রার্থনাও করেননি। এ কারণে খালেদা জিয়া গণতন্ত্র ও নির্বাচনের জন্য বিপজ্জনক। খালেদা জিয়া তাঁর সাত দফায় উল্টো যুদ্ধাপরাধী, জঙ্গি, অপরাধী ও অসৎ সাংবাদিকদের মুক্তির দাবি করেছেন এবং তাঁদের নিয়ে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। তা গণতন্ত্রের জন্য হুমকি।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী দুপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব ও করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন।
তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু গতকাল সকালে সিরাজগঞ্জ শহীদ এম এম মনসুর আলী অডিটরিয়ামে জেলা জাসদের সম্মেলন উদ্বোধন করেন।