
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় করা আরেকটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেয়।
যাত্রাবাড়ী থানায় করা বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। একই ঘটনায় একই থানায় করা হত্যা মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে গত ৬ এপ্রিল দুটি অভিযোগপত্র দাখিল করে ডিবি পুলিশ। এর একটি হত্যা ও অপরটি বিস্ফোরক উপাদানাবলি আইনে। ওই মামলায়ও খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দেওয়া অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখানো হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বাকি সাতজন কারাগারে আটক আছেন।
চলতি বছরের ৫ জানুয়ারির পর থেকে সারা দেশে সহিংসতা, পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কুমিল্লা, পঞ্চগড়সহ বিভিন্ন থানায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে কয়েকটি মামলা হয়েছে। গুলশানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে ককটেল হামলার ঘটনায় করা মামলায়ও বিএনপির চেয়ারপারসনকে হুকুমের আসামি করা হয়।
যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন মামলাটির তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। তিনি বলেন, অভিযোগপত্রে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
অভিযোগপত্রে আরও যাঁদের নাম রয়েছে তাঁদের মধ্যে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, এম এ কাইয়ুম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাহ উদ্দিন আহমদ, আমানউল্লাহ, বরকতউল্লা বুলু, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খান, বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সহসম্পাদক সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ, তাঁর ছেলে তানভীর আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বিএনপি-সমর্থিত শিক্ষকনেতা মো. সেলিম ভূঁইয়া, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নবীউল্লাহ, আবদুল লতিফ, আতিক উল্লাহ, বাদল সরদার, আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর, জামালউদ্দিন, যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল আহাম্মেদ খান ও জাকির হোসেন। এ ছাড়া হামলায় মাঠপর্যায়ের সমন্বয়কারী সোহাগ, লিটন ওরফে সাব্বিরকেও আসামি করা হয়েছে।
পুলিশের সূত্র জানায়, যাত্রাবাড়ীর ওই নাশকতার ঘটনায় অন্যতম অভিযুক্ত ‘বোমা রাসেল’ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় অভিযোগপত্রে তাঁর নাম দেওয়া হয়নি। আসামিদের মধ্যে সোহাগ, লিটন ওরফে সাব্বির, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা বিএনপির বিভিন্ন নেতার নাম উল্লেখ করে বলেন, বাসে আগুন দেওয়ার জন্য চার হাজার টাকা দিয়ে তাঁদের নিয়োগ করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, খালেদা জিয়া ৬ জানুয়ারি থেকে দেশব্যাপী অবরোধের ডাক দেন। এর ধারাবাহিকতায় ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর মাতুয়াইলে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করা হয় এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাজে বাধা দেওয়া হয়। এ ঘটনার দুদিন আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালের পাশের একটি বাসায় বৈঠক করে ওই হামলার ছক চূড়ান্ত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন হাবিব-উন-নবী খানসহ বেশ কয়েকজন মধ্যম সারির নেতা। যাত্রাবাড়ীর জনি নামে ছাত্রদলের এক কর্মীকে মাঠপর্যায়ে হামলার বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়। লেগুনাচালক শহীদুল্লাহ, ‘বোমা রাসেল’, সাব্বির, সোহাগ ও পারভেজসহ কয়েকজন গাড়িতে আগুন দেওয়ার সময় ঘটনাস্থলের আশপাশে উপস্থিত ছিলেন।
গত ২৩ জানুয়ারি রাতে মাতুয়াইলের কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় ৩১ জন দগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে নুরে আলম নামের এক ঠিকাদার মারা যান। এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি এবং ২০-দলীয় জোটের ৬৯ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটিসহ দুটি মামলা করা হয়। পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পওয়ায় এজাহারভুক্ত ৩১ জনকে অব্যাহতি দিতে অভিযোগপত্রে আবেদন করা হয়েছে।