বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিজেপি সভাপতি অমিত শাহ্র ফোনালাপ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ বলেছে, অমিত শাহ্র সঙ্গে খালেদা জিয়ার ফোনে কথা হয়নি। আর বিএনপি বলেছে, ফোনে আলাপ হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা উদ্দেশ্যমূলক।
এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের ছয় সদস্যের যে বিবৃতি গতকাল পত্রপত্রিকায় ছাপা হয়েছে, তা সঠিক নয়। তাঁরা এই বিবৃতি দেননি বলে জানিয়েছেন।
খালেদা জিয়া ও অমিত শাহ্র ফোনালাপের খবরটিও গতকাল গণমাধ্যমে প্রচারিত হয়। কাল সন্ধ্যায় আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দাবি করা হয়, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বিজেপি সভাপতির কথা হয়নি।
এ বিষয়ে খোঁজ নিতে গতকাল প্রথম আলোর পক্ষ থেকেও বিজেপি ও ভারত সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচয় প্রকাশ না করার শর্তে তাঁরা প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধিকে জানান, তাঁদের জানামতে অমিত শাহ বিএনপির চেয়ারপারসনকে ফোন করেননি। বরং বিএনপির পক্ষ থেকে অমিত শাহর সঙ্গে যোগাযোগের জন্য গত বুধবার দুই দফা টেলিফোন করা হয়। এ ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির দেখভালকারী ও দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা সিদ্ধার্থ নাথ সিং বলেন, অমিত শাহ ফোন করেছেন কি না, এমন কোনো খবর তাঁর জানা নেই।
প্রথম আলোর পক্ষ থেকে মুঠোফোনে গতকাল বিজেপির অন্যতম মুখপাত্র নালিন কোহলি ও সন্ধ্যায় অমিত শাহর একান্ত সচিব রাকেশ মিশ্রর কাছে এ ফোনালাপের সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হয়। তাঁদের দুজনই এই ফোনালাপ সম্পর্কে অবহিত নন বলে জানান।
গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আমি নিজে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে (হাইকমিশন) কথা বলে জেনেছি, বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে খালেদা জিয়ার কথা হয়নি। বিএনপি চেয়ারপারসনের অফিস থেকে অমিত শাহকে ফোন করা হয়েছিল। কিন্তু তাঁর ফোন নষ্ট থাকায় কথা হয়নি। এটা লজ্জার, নিন্দনীয়। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বপনার প্রকাশ।’
আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের পর রাতে বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি পাঠানো হয়। দলীয় চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানের সই করা বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া তথ্য সম্পূর্ণ সঠিক। বিজেপিপ্রধান সরাসরি টেলিফোন আলাপে খালেদা জিয়ার কুশল জানতে চেয়েছেন। অমিত শাহ বা তাঁর অধীন সংশ্লিষ্ট কারও কাছ থেকে এর সত্যতা জানতে না চেয়ে অজ্ঞাতনামা কূটনৈতিক কিম্বা অন্যান্য সূত্রের বরাত দিয়ে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা অনভিপ্রেত।
মার্কিন কংগ্রেসের বিবৃতি প্রসঙ্গ: মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েস ও র্যাঙ্কিং মেম্বার এলিয়ট অ্যাঙ্গেল বাংলাদেশের গণমাধ্যমে তাঁদের নামে প্রচারিত বিবৃতিটি নিজেদের নয় বলে জানিয়েছেন। রাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্য কোনো দলের এই ভুয়া বিবৃতি ব্যবহারের চেষ্টাকে তাঁরা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন।
এড রয়েস ও এলিয়ট অ্যাঙ্গেল বিবৃতিতে বলেন, মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটি এবং কমিটির চেয়ারম্যান এড রয়েস ও র্যাঙ্কিং মেম্বার এলিয়ট অ্যাঙ্গেল এবং কংগ্রেস সদস্য স্টিভ শ্যাবো, জোসেফ ক্রাউলি, জর্জ হ্যাডলি ও গ্রেস মেংকে উদ্ধৃত করে ৭ জানুয়ারির একটি ভুয়া বিবৃতির ভিত্তিতে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হয়েছে। এই কমিটি ও মার্কিন কংগ্রেসের অনেক সদস্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকলেও কমিটি কিংবা কংগ্রেস সদস্যরা এ ধরনের কোনো বিবৃতি দেননি।
গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের ছয় সদস্যকে উদ্ধৃত করে ওই বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করা এবং তারেক জিয়ার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছেন তাঁরা। মার্কিন কংগ্রেস সদস্যদের উদ্ধৃত করে লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এই বিবৃতিটি প্রচার করে। এই সূত্র থেকে প্রথম আলোতে বিবৃতিটি ছাপা হয়। একই দিনে ঢাকার আরও কয়েকটি পত্রিকা এটি ছাপে।