খালেদা, টিআইবি ও অ্যামনেস্টির বক্তব্য এক: হাছান মাহমুদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ট্রান্সপারেন্সি ইনটারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদে ও ছত্রচ্ছায়ায় দেশে বিদেশি নাগরিক, ব্লগার-প্রকাশক হত্যাসহ সাম্প্রতিক ঘটনাগুলো ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘আমরা নগরবাসী’ শীর্ষক একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সাবেক এই মন্ত্রী বলেন, খালেদা জিয়ার বক্তব্য এবং টিআইবি ও অ্যামনেস্টির অভিন্ন বক্তব্য এটিই প্রমাণ করে যে দেশে সংঘটিত সাম্প্রতিক ঘটনাগুলো দেশে-বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আর বিএনপির নেত্রীর পরিচালনায় এসব ঘটনা ঘটানো হচ্ছে। তিনি বলেন, দেশে বিভিন্ন ঘটনা ঘটার পর খালেদা জিয়া মন্তব্য করেন দেশে সংকট চলছে এবং তিনি মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান। এর পরই টিআইবি জাতীয় সংসদকে নিয়ে কটাক্ষ করে এবং তারাও মধ্যবর্তী নির্বাচন নিয়ে কথা তোলে। এর পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘মুক্তিযোদ্ধাদের বিচার’ করা প্রয়োজন আছে বলে বিবৃতি দেয়। এ থেকেই বোঝা যায়, সমস্ত ঘটনা প্রবাহ একই সূত্রে গাঁথা।
আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক বলেন, কিছু বিদেশি শক্তি আছে, যারা বিশ্বের বিভিন্ন দেশে অভ্যন্তরীণ সংঘাত ঘটিয়ে নিজেদের স্বার্থ কায়েম করে ওই দেশগুলোতে নিজেদের মদদপুষ্ট সরকারকে ক্ষমতায় আনতে চায়। সেসব বিদেশি শক্তির ক্রীড়নক হিসেবে কাজ করে ওই দেশের কিছু চক্রান্তকারী গোষ্ঠী। আমাদের দেশেও এসব বিদেশি শক্তির ক্রীড়নক হিসেবে কাজ করছে বিএনপি-জামায়াত জোট। মূলত বিএনপি-জামায়াত এসব ঘটনা ঘটিয়ে বিদেশিদের নাক গলানোর সুযোগ করে দিতে চাইছে।
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, তা একটি বিশেষ গোষ্ঠীর গাত্রদাহের কারণ। এ কারণেই এ গোষ্ঠী দেশকে সব সময় অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অরুণ সরকার রানা, এমএ করিম প্রমুখ।