খালেদা তত্ত্বাবধায়ক নয়, চান ক্ষমতা: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার চান না; বরং ছলে-বলে-কৌশলে রাষ্ট্রীয় ক্ষমতা চান বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্য মঞ্চের এক সমাবেশে সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন। ‘পেট্রলবোমা মেরে নিরীহ মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, শিক্ষা, ব্যবসাবাণিজ্য, পরিবহন, শিল্প-কারখানা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়।
খালেদা জিয়াকে উদ্দেশ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আপনি চান নির্বাচন। আপনি চান গণতন্ত্র। কিন্তু আপনার আচার-আচরণ দেখে তো তা মনে হয় না। আপনি নির্বাচনও চান না, তত্ত্বাবধায়ক সরকারও চান না। আপনি চান ছলে-বলে-কৌশলে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে।’ তিনি বলেন, ‘যদি আপনার আন্দোলন থাকত তত্ত্বাবধায়ক সরকারের জন্য, মধ্যবর্তী নির্বাচনের জন্য; তাহলে আপনি জ্বালাও-পোড়াও করতেন না। কোনো রাজনীতিক যদি নির্বাচনে যেতে চায়, তার ভোটারদের সে যদি পুড়িয়ে মারে, তাহলে তার পক্ষে কেউ কি ভোট দেবে? দেবে না। খালেদা জিয়া এ দেশের মানুষের ভোট চান না। নির্বাচন চান না। তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথাও এখন বলেন না। তাঁর উদ্দেশ্যটা কী? প্রথম থেকে যে উদ্দেশ্য নিয়ে রাজনীতি শুরু করেছেন তা হলো বাংলাদেশটাকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করা।’
সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া জীবনে কখনো কোনো দিন এই বাংলাদেশকে স্বীকার করেননি। তাঁর জীবনের একটাই দুঃখ যে তিনি পাকিস্তানকে রক্ষা করতে পারেননি। 

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান তাঁর বক্তৃতায় বিএনপিকে সিটি করপোরেশন নির্বাচনে স্বাগত জানিয়ে খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি তো এখন লাইফসাপোর্টে আছেন। এখনো বাঁচতে পারবেন। নির্বাচনে আসছেন ভালো কথা। আপনাকে স্বাগত জানাই। নির্বাচনটা করে আপনার জনপ্রিয়তা যাচাই করেন। জনপ্রিয়তা যদি থাকে তাহলে স্বাগত জানাই। জনগণ তাদের ভোট না দিলে উনি আবার বলবেন জোর. . করে নির্বাচন জিতে নিয়েছে। আমরা জোর করে ক্ষমতায় আসিনি।’

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান সভাপতি মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান, টাঙ্গাইল জেলা মুক্তিযুদ্ধের কমান্ডার খন্দকার জহিরুল হক, জামালপুর জেলার কমান্ডার শফিকুল ইসলাম, গাজীপুরের কাজী মোজাম্মেল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির সহসভাপতি অলকা ঘোষ প্রমুখ।