খালেদা-তারেককে বিচারের বাইরে রাখার দিন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু। ফাইল ছবি
হাসানুল হক ইনু। ফাইল ছবি

গণতন্ত্রে কেউ রাজা-রানি নন এবং খালেদা জিয়া ও তারেক রহমানও আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বৃহস্পতিবার রাজধানীর রামকৃঞ্চ মিশনে শ্রীরামকৃঞ্চের ১৮০তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে আয়োজিত ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ধর্ম-সম্প্রীতি: শ্রীরামকৃঞ্চের ভূমিকা’ শীর্ষক আলোচনায় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
হাসানুল হক ইনু বলেছেন, ‘গণতন্ত্রে কেউ রাজা-রানি নয়। খালেদা-তারেকও আইনের ঊর্ধ্বে নয়। যারা খালেদা-তারেককে বিচারের বাইরে রাখতে রাখতে চায়, তারা আগুন-সন্ত্রাসী দানবদেরও রাজনীতিতে পুষতে চায়।’
তথ্যমন্ত্রী বলেন, ‘অন্যায়, অশান্তি, অপরাধ করলে বিচার হবে, জেল খাটতে হবে। খালেদা-তারেককে বিচারের বাইরে রাখার দিন শেষ। অপরাধীদের বিচারের বাইরে রাখার যে বাজে সংস্কৃতি সামরিক শাসকেরা চালু করেছিল, তা থেকে শেখ হাসিনার গণতান্ত্রিক সরকার বেরিয়ে এসেছে।’ আইনের শাসন প্রতিষ্ঠা গণতন্ত্রের পূর্বশর্ত বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে কোনো অপরাধীর স্থান নেই। কারাগারই অপরাধীর স্থান। বরং অপরাধী কারাগারের বাইরে থাকলে গণতন্ত্র ধ্বংস হয়। ‘খালেদা জিয়া গ্রেপ্তার হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলে যাঁরা চিৎকার করছেন, তাঁরা খালেদা জিয়াকে রাজা-রানি ভাবেন’ বলে মন্তব্য করেন জাসদ সভাপতি।