বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানের মতো বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাইছেন। গতকাল বৃহস্পতিবার ভোলার সদর উপজেলার বাংলা স্কুলমাঠের ভাসানীমঞ্চে বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বে একটি মর্যাদাশীল দেশ। কী সুন্দর স্থিতিশীলতা! রাজনৈতিক হানাহানি নেই। অর্থনৈতিকভাবে এগিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা, বিটিভির জেলা প্রতিনিধি আবু তাহের মিয়া প্রমুখ। বেলা ১১টার দিকে মন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা মুক্ত করেন। এরপর আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।