খালেদা দেশের একমাত্র জঙ্গি: নাসিম
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সারা দেশে এখন মাত্র একজন জঙ্গি আছেন, তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাতে অফিসে বসে জঙ্গিদের মদদ দিয়ে যাচ্ছেন তিনি।
আজ শনিবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হতো। সামরিক শাসন আসত। গণতন্ত্রে নানা ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। কিন্তু গণতন্ত্র থাকলে দেশের উন্নয়ন হয়। দেশ এগিয়ে যায়। তিনি আরও বলেন, খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হয়েছে। তাঁরা সিটি করপোরেশন নির্বাচনে যাচ্ছেন। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল যা-ই হোক, মেনে নেওয়া হবে। তবে যারা ৫ জানুয়ারির পর হরতাল ও অবরোধের নামে মানুষ হত্যা করেছে, কোনো সচেতন মানুষ তাদের ভোট দিতে পারে না।
এ সময় মন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য একটি বাস, হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স এবং অন্যান্য যন্ত্রপাতি কেনার জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষÿহাবিবুর রহমান। আরও বক্তব্য দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাংসদ মীর মোস্তাক আহমেদ, এস এম জগলুল হায়দার, মুস্তফা লুৎফুল্লাহ, রিফাত আমিন প্রমুখ।