খালেদা নিজেই জোট ভেঙে দিচ্ছেন: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো আদর্শ ও লক্ষ্য নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতা দখলের জন্য উন্মাদ হয়ে গেছেন। তাঁর জোট তিনি নিজেই ভেঙে দিচ্ছেন।’

গতকাল রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) আয়োজিত আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে বিএনএ এই আলোচনা সভার আয়োজন করে। নতুন এই জোটের চেয়ারম্যান বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার নাজমুল হুদা। আলোচনা সভায় তিনি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন।    

বিএনএর নেতাদের উদ্দেশে নাসিম বলেন, ‘আপনারা বেরিয়ে এসে ভালো করেছেন। বিভ্রান্ত পথ থেকে সঠিক পথে বেরিয়ে এসেছেন। ছোট হোক বড় হোক, সেটা বড় কথা নয়। একজন মানুষ যদি মনে করে সে বিভ্রান্ত পথে গেছে, তার সঠিক পথে আসা উচিত। আপনাদের সবাইকে বলব, অবশ্যই আমরা আপনাদের নিয়ে কাজ করব। এক সাথে আছি, এক সাথে থাকব। আপনাদের নিয়ে ১৪ দলের সঙ্গে বৈঠক করব, ইনশা আল্লাহ।’

আলোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এক দিনে, একটি ঘটনায়, কয়েকটি আহ্বানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ হয়নি। এর অনেক ইতিহাস ও পর্যায়ক্রম রয়েছে। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন, এরপরে মুক্তিযুদ্ধ হয়।

বিএনএর চেয়ারম্যান নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জোটের কো-চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, মহাসচিব সেকেন্দার আলী প্রমুখ।