খালেদা নির্বাচন না করলে ক্ষমতাসীনরা খুশি হতেন: এমাজউদ্দীন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন ‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, ধারাবাহিক আক্রমণের ঘটনায় মনে হচ্ছে, খালেদা জিয়া নির্বাচন না করলে ক্ষমতাসীনরা ‘ভয়ংকর’ খুশি হতেন।
আজ মঙ্গলবার বিকেলে আদর্শ ঢাকা আন্দোলনের পুরানা পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গত রোববার রাজধানীর উত্তরায়, সোমবার কারওয়ান বাজার, মঙ্গলবার ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় এবং আজ বাংলামোটরে সরকার-সমর্থকদের হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর।
এ প্রসঙ্গে এমাজউদ্দীন আহমদ বলেন, খালেদা জিয়ার ওপর একের পর এক যে হামলা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। অথচ এই মানুষটি দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। নির্বাচন কমিশনও এ বিষয়ে নীরব আছে।
তিনি বিরোধী দলের প্রার্থীদের নির্বাচনী মাঠে প্রতিকুলতা, সরকার-সমর্থিত প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্তে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন। তিনি আরও বলেন, এসব কারণে ৫ জানুয়ারির সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল এবং কারও কাছে গ্রহণযোগ্য হয়নি। দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের মতোই।
এমাজউদ্দীন বলেন, ‘আমরা শুরু থেকেই বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন চেয়েছি। যাতে কারও ওপর অন্যায় হলে, তারা পদক্ষেপ নিতে পারে। এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে এটা থাকলেই কী, না-থাকলেই বা কী।’
আদর্শ ঢাকা আন্দোলনের সদস্যসচিব শওকত মাহমুদ বলেন, নির্বাচন কমিশন তিন ব্যাটালিয়ন বা ২ হাজার ৪ শ সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। একটি ব্যাটালিয়ন চট্টগ্রামে পাঠানো হলে বাকি ১৬ শ সৈন্য দিয়ে ঢাকার দুই সিটির ভোটারদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব হবে না। তিনি দুই সিটির সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সেখানে দৃশ্যমান সেনা মোতায়েনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য মাহবুবু উল্লাহ, আবদুল হাই শিকদার, এম আবদুল্লাহ, কাদের গণি চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।