খালেদা নির্বাচন না করলে ক্ষমতাসীনেরা 'ভয়ংকর' খুশি হতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, ধারাবাহিক আক্রমণের ঘটনায় মনে হচ্ছে, খালেদা জিয়া নির্বাচন না করলে ক্ষমতাসীনেরা ‘ভয়ংকর’ খুশি হতেন।
গতকাল মঙ্গলবার আদর্শ ঢাকা আন্দোলনের পুরানা পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমাজউদ্দীন আহমদ এসব কথা বলেন।
এমাজউদ্দীন আহমদ বলেন, খালেদা জিয়ার ওপর একের পর এক যে হামলা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। অথচ এই মানুষটি দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। নির্বাচন কমিশনও এ বিষয়ে নীরব আছে।
এমাজউদ্দীন বিরোধী দলের প্রার্থীদের নির্বাচনী মাঠে প্রতিকূলতা, সরকার-সমর্থিত প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্তে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন। তিনি আরও বলেন, এসব কারণে ৫ জানুয়ারির সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল এবং কারও কাছে গ্রহণযোগ্য হয়নি। দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের মতোই।
এমাজউদ্দীন আহমদ বলেন, ‘আমরা শুরু থেকেই বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েন চেয়েছি। যাতে কারও ওপর অন্যায় হলে, তারা পদক্ষেপ নিতে পারে। এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে এটা থাকলেই কী, না-থাকলেই বা কী।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আদর্শ ঢাকা আন্দোলনের সদস্যসচিব শওকত মাহমুদ, সদস্য মাহবুব উল্লাহ, আবদুল হাই শিকদার প্রমুখ।