খালেদা প্রতিহিংসার ফল ভোগ করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল জাতীয় পার্টির সমাবেশে রওশন এরশাদের বক্তব্য দীর্ঘায়িত হওয়ায় এইচ এম এরশাদ ঘড়ি দেখিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন l ছবি: প্রথম আলো
সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল জাতীয় পার্টির সমাবেশে রওশন এরশাদের বক্তব্য দীর্ঘায়িত হওয়ায় এইচ এম এরশাদ ঘড়ি দেখিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন l ছবি: প্রথম আলো

খালেদা জিয়া প্রতিহিংসার ফল ভোগ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে জাপার ওপর যা যা করেছিল, এখন তাদের সঙ্গে তা-ই হচ্ছে। এটি হচ্ছে ইতিহাসের ফল।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে এরশাদ এ কথা বলেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘উনি প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন। আমাকে ছয় বছর জেলে রেখেছেন। আমার স্ত্রীকে আড়াই বছর জেলে রাখেন। আমাকে পাঁচ বছর সংসদে বসতে দেননি। আমার ছেলেকে ছয় বছর আমার সঙ্গে দেখা করতে দেননি। এখন তিনি প্রতিহিংসার ফল ভোগ করছেন। দুই ছেলের সঙ্গে দেখা করতে পারেন না। কবে পারবেন তা-ও জানি না।’
এরশাদ আরও বলেন, ‘এখন ১৪৪ ধারার কথা বলছেন। আমার ১৪২টি সমাবেশে ১৪৪ ধারা জারি করেছিলেন। স্পেশাল কোর্টের কথা বলছেন। তখন তো শুরু করেছিলেন আপনি। ইতিহাস কাউকে ক্ষমা করে না। এখন ইতিহাসের ফল ভোগ করছেন।’
বিএনপির উদ্দেশে এরশাদ বলেন, ‘বাংলাদেশকে দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন করে আবার ক্ষমতায় আসতে চান, লজ্জা করে না? দেশে জঙ্গিবাদের সৃষ্টি করেছেন। কোন মুখে রাজনীতি করেন!’ তারেক রহমানকে ‘যুবরাজ’ সম্বোধন করে তিনি বলেন, ‘তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলেছে। সবাই বলো “শেইম” “শেইম” “শেইম” (লজ্জা, লজ্জা, লজ্জা)। সে কি সুস্থ মানুষ? সুস্থ রাজনীতিক?’
জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুল ব্যয়ে এ মহাসমাবেশের আয়োজন করা হয়। তবে সমাবেশে আশানুরূপ জনসমাগম হয়নি। সোহরাওয়ার্দীর উদ্যানের জনসভাস্থলের বড় একটি অংশ খালি ছিল। এ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘হরতাল প্রত্যাহারের জন্য জামায়াতের প্রতি আহ্বান জানানো হয়েছিল। হরতাল প্রত্যাহার করলে এই মহাসমাবেশে আরও ১০ লাখ লোক বেশি হতো। তা-ও ৫ লাখ হয়েছে।’
সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতা রওশন এরশাদ গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের অংশগ্রহণের প্রাসঙ্গিকতা উল্লেখ করে বলেন, গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য নির্বাচন সঠিক হয়েছে। সারা বিশ্ব নির্বাচনের স্বীকৃতি দিয়েছে। বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। আসলে তারাই হয়তো ক্ষমতায় আসত।
রওশন বলেন, যখনই নির্বাচন হয়েছে, তখনই জাতীয় পার্টিতে বিভক্তি হয়েছে। যাঁরা অভিমানে দল থেকে সরে গেছেন, তাঁদের দলে ফিরিয়ে আনার আহ্বান জানান রওশন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। তারা ভালো নেই।
জাপার দায়িত্বশীল একাধিক নেতা জানান, মহাসমাবেশে দীর্ঘ বক্তব্য দেওয়া নিয়ে এরশাদ ও রওশন এরশাদ এবং বক্তব্য রাখার সুযোগ না পাওয়ায় দলের শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে মনোমালিন্য হয়েছে। দলীয় মহাসমাবেশে জাপার সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এরশাদের ভাই জি এম কাদের, জ্যেষ্ঠ নেতা কাজী ফিরোজ রশীদসহ গুরুত্বপূর্ণ নেতারা বক্তৃতার সুযোগ পাননি। তাঁরা মঞ্চে উপস্থিত ছিলেন।
এ ছাড়া গতকালের মহাসমাবেশের মঞ্চে এরশাদ ও রওশনকে পরস্পরের প্রতি বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। রওশন এরশাদকে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হলে তিনি প্রথমে যাননি। কয়েক মিনিট পর তিনি বক্তৃতার মঞ্চে যান। ২৪ মিনিটের বক্তব্যে তিনি স্বামী এরশাদের কারাবন্দী অবস্থায় তাঁর মুক্তির জন্য যাঁরা কাজ করেছেন সেসব নেতার প্রতি শ্রদ্ধা জানান। এঁদের অনেকে এখন অন্য দলে আছেন বা নিজেরাই দল করেছেন। এ সময় এরশাদসহ কয়েকজন নেতাকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, এম এ হান্নান, দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতী প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু।