খালেদা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাইছেন: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানের মতো বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাইছেন বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চে বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশালী দেশ। কী সুন্দর স্থিতিশীলতা! রাজনৈতিক হানাহানি নেই। অর্থনৈতিকভাবে এগিয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। আর খালেদা জিয়া পাকিস্তানের মতো বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাইছেন।’

মন্ত্রী বলেন, সম্প্রতি পাকিস্তানে সেনা পরিচালিত স্কুলে গুলি করে ১৪৬ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১৩২ জন শিশু। তিনি বলেন, ‘একুশে আগস্টের মতো ঘটনা আমাদের সময়ে হয়নি, হয়েছে তাঁদের সময়ে। আমাদের বড় বড় নেতাকে হত্যা করা হয়েছে।’ এ রকম পরিস্থিতি যাতে ভবিষ্যতে না হয়, সে জন্য মন্ত্রী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী দাবি করেন, বাংলাদেশে লোডশেডিংয়ের দিন শেষ হয়েছে। অথচ পাকিস্তানে এখনো দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং হয়। তাঁর ভাষায়, ‘আমার মনে হয় ইতিমধ্যে বাংলাদেশের মানুষ মধ্যম আয়ের দেশে পৌঁছেছে। আমি গ্রাম ঘুরে দেখেছি, লোকেরা জুতা পায়ে চলে। কোনো দিনমজুর ৫০০ টাকার নিচে মজুরি পায় না। ঘরে ঘরে বিদ্যুৎ, টিভি, অনেক ঘরে ফ্রিজ। কুঁড়েঘর মিউজিয়ামে চলে গেছে।’

বেলা ১১টার দিকে মন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বাণিজ্যমন্ত্রী স্বাধীনতাযুদ্ধের সময় বিটিভিতে চাকরিরত শহীদ ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান। ভোলাকে ভবিষ্যতে সিঙ্গাপুর বানানোর প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ‘ভোলা হবে দেশের মধ্যে সমৃদ্ধ জেলা। কারণ, বঙ্গবন্ধু ভোলাকে ভালোবাসতেন। শেখ হাসিনা ভোলাকে ভালোবাসেন। ইতিমধ্যে শিল্প কারখানা গড়ে তোলার জন্য বাংলাদেশের ও বিদেশের অনেক শিল্পপতি ভোলায় জমি কিনেছেন। কারখানা গড়ে উঠলে নদী ও সাগরবেষ্টিত ভোলায় সমুদ্রবন্দর গড়ে তোলা হবে। ভোলাকে ঢাকার সঙ্গে যুক্ত করতে ভোলা-বরিশাল-ঢাকা মহাসড়ক ও ইপিজেড নির্মাণ করা হবে।’