খালেদা, বার্নিকাট ও নাগরিক সমাজের বক্তব্যে ষড়যন্ত্র দেখছেন ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু। ফাইল ছবি।
হাসানুল হক ইনু। ফাইল ছবি।

কাছাকাছি সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের দেওয়া বক্তব্য এবং উদ্বিগ্ন নাগরিক সমাজের সংবাদ সম্মেলন একই সূত্রে গাঁথা বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ১৫ আগস্টের আগে এই ঘটনাগুলো নতুন কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত বলেও মন্তব্য করেছেন তিনি।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। বিএসএমএমইউ এই আলোচনা সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, শিগগিরই সরকার পতন হবে। মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর খুনিকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল। আর নাগরিক সমাজ সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চান। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ১৫ আগস্টের আগে এ ধরনের বক্তব্য বড় কোনো ষড়যন্ত্রেরই অংশ। তাই এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’ তিনি বলেন, বিএনপির সঙ্গে মহাজোটের রাজনৈতিক বিষয়ে কোনো মিটমাট হতে পারে না। বিএনপির মতো বিষবৃক্ষের সঙ্গে সমঝোতা হতে পারে না।

আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হলে কাজের মাধ্যমে জানাতে হবে। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, রোগীদের সেবা দিতে হবে, ‘জয় বাংলা’ স্লোগান কম দিলেও হবে। কাজ করতে হবে বেশি করে। তিনি বলেন, যেসব দেশ বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দিচ্ছে না তারা ধিক্কৃত হবে, তাদের গণতন্ত্র প্রশ্নের মুখে পড়বে।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বলেন, ১৫ আগস্ট কেবল বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার মানুষের জন্য নয় এটা বিশ্বের কাছেও ঐতিহাসিক একটি দিন। বঙ্গবন্ধু এ দেশের জাতির পিতা, স্বপ্নদ্রষ্টা। তিনি সে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতেন ভারত সব সময় সেই স্বপ্ন পূরণে বাংলাদেশের পাশে থাকবে।
অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, লেখক সৈয়দ শামসুল হক, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন বিএসএমএমইউয়ের উপাচার্য কামরুল হাসান খান।