খালেদা বিএনপি ছাড়তে পারবেন, জামায়াতকে নয়: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপিকে ছাড়তে পারলেও জামায়াতকে ছাড়তে পারবেন না বলে মনে করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘গতকাল খালেদা জিয়া জামায়াতে ইসলামীর ইফতার পার্টিতে গিয়েছেন। যুদ্ধাপরাধীদের সহযোগী ও যুদ্ধাপরাধীদের পাশে গিয়ে তিনি বুঝিয়েছেন—তিনি তাদের পাশে আছেন।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আপনাকে প্রকাশ্যে জামায়াত ছাড়ার কথা বলেছে। সমগ্র পৃথিবী আপনাকে জামায়াত ছাড়ার কথা বলেছে। আপনার দলের নেতারাও জামায়াত ছাড়ার কথা বলছেন। এরপরও আপনি যখন জামায়াতের পাশে গিয়ে বসেন, তখন মনে হয় আপনি বিএনপি ছাড়তে পারলেও জামায়াত ছাড়তে পারবেন না।’
হাছান মাহমুদ বলেন, দেশ নাকি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। আসলে খালেদা জিয়া চান না, পুলিশ পেট্রোলবোমাবাজদের গ্রেপ্তার করুক। এ জন্য তিনি এমন কথা বলছেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা সুজিত রায় নন্দী, শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।