খালেদা বিচার ঠেকাতে পারবেন না: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুল ইসলাম
কামরুল ইসলাম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাজার চেষ্টা করেও বিচার ঠেকাতে পারবেন না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনার ভাগ্যে যা আছে তা–ই হবে। ভাগ্য ফেরাতে পারবেন না। হাজার চেষ্টা করেও কি বিচার ঠেকাতে পারবেন?’
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘যতই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করুন, বিচারের নিয়ম-কানুন মেনেই এই মামলার নিষ্পত্তি হবে। যদিও আদালতের সময় সকাল ১০টায়। খালেদা ঠিক সময়ে আদালতে যান না। আদালতে হাজিরা দেওয়ার নামে আজকেও এরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এরা বিচার-আদালত মানে না। দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে চায়। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘মির্জা ফখরুল বলেন, আমরা নাকি উদ্দশ্যমূলকভাবে বিচার করছি। আমরা তো বিচারকও পরিবর্তন করেছি। তাহলে সমস্যা কোথায়? দেশ যখন স্থিতিশীল তখন ২০১৩ সালের মতো আবারও বীভৎস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। পত্র-পত্রিকায় যতই লেখা হোক, দেশে জানুয়ারিতে কিছুই হবে না।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামান, সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।