খালেদা বোমা মারছেন, হাসিনা সেবা করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

একের পর এক পেট্রোলবোমা মেরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করছেন, অগ্নিদগ্ধ করছেন বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার একের পর এক কমিউনিটি ক্লিনিক করে মানুষের সেবা করে যাচ্ছে। খালেদা জিয়া বোমা মারছে আর শেখ হাসিনা মায়ের মমতা ও বোনের স্নেহ ভালবাসা দিয়ে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা আর খালেদা জিয়ার মধ্যে এই পার্থক্য। ’
আজ বুধবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিল-মিতরা ইউনিয়নের গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেছেন, ‘জনগণের ‌বিরুদ্ধে ভুয়া অবরোধ ডাকা হয়েছে। মানুষের কষ্টের জন্য অবরোধ ডাকা হয়েছে। কিন্তু জনগণ এই অবরোধ মানছেন না বলেই কোথাও অবরোধ হচ্ছে না। ’ তিনি বলেন, ‘মানুষ হত্যার এই অবরোধ প্রত্যাহার করুন, তাহলে মানুষ আপনাকে সম্মান করবে। ’
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ সরকার দেশের তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ছয় হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। সারা দেশে ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক আছে। এই ক্লিনিকগুলো থেকে দরিদ্র মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে। আওয়ামী লীগের রাজনীতির লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন,৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে সামরিক শাসন আসত। থাইল্যান্ডে নির্বাচন না হওয়ায় সামরিক শাসন শুরু হয়েছে। দেশে নির্বাচন হয়েছে বলেই সংসদীয় গণতন্ত্র রক্ষা পেয়েছে। মানুষের সেবা করা যাচ্ছে, দেশের জন্য কাজ করা হচ্ছে।

খালেদা জিয়ার সঙ্গে কোনো নেতা-কর্মী নেই উল্লেখ করে নাসিম বলেন, খালেদা জিয়া অসময়ে যুদ্ধ ডেকেছেন। ওনার নেতা-কর্মীরা সবাই মারা গেছেন। তিনি জনগণের বিরুদ্ধে একাই লড়াই করে যাচ্ছেন। সেনাপতি যদি যুদ্ধে যায়, তাহলে বুঝতে হবে সৈন্যরা মারা গেছেন। ২০১৯ সালে আবার নির্বাচন হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখায় আওয়ামী লীগই জনগণের ভোটে জয়ী হবে।

আজকের অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কমিউনিটি বেস্ট হেলথ কেয়ারের পরিচালক মাখমুদা নারগিসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হুসয়েলি মুফতুওগলু, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা পরিষদ প্রশাসক গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমুখ।

জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মোহসিন জানান, সাড়ে ১৬ লাখ টাকা ব্যয়ে কমিউনিটি ক্লিনিকটি নির্মাণ করা হয়। তুরস্কের কো-অপারেশন অ্যান্ড কো-অরডিনেশন এজেন্সির (টিকা) আর্থিক সহযোগিতায় কমিউনিটি ক্লিনিকটি বাস্তবায়ন করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ক্লিনিকটি থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে দরিদ্র মানুষ সেবা নিতে পারবে।