খালেদা মানুষের কাছে আতঙ্কের নাম: হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ অভিযোগ করেছেন, ‘খালেদা জিয়া সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম। তিনি দেশের সাধারণ মানুষের কাছে নিষ্ঠুরতা, সহিংসতা ও জঙ্গি তৎপরতার প্রতীক। দেশের শান্তিকামী মানুষ তাঁর ওপর প্রচণ্ড ক্ষুব্ধ।’
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সমালোচনা করতে গিয়ে হাছান মাহমুদ এ কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গত কয়েক দিন ধরে তিনি (খালেদা জিয়া) যেখানে যাচ্ছেন, সেখানেই বিক্ষোভ হচ্ছে এবং তিনি বাধার সম্মুখীন হচ্ছেন। খালেদা জিয়াকে দেখলেই সাধারণ মানুষ উত্তেজিত হচ্ছে। প্রকৃতপক্ষে সাধারণ মানুষকে উত্তেজিত করার হীন উদ্দেশ্য নিয়ে তিনি উসকানিমূলকভাবে বিভিন্ন জায়গায় হুটহাট বেরিয়ে পড়ছেন। সেসব জায়গায় উসকানিমূলক ও মিথ্যা-বানোয়াট বক্তব্যও দিচ্ছেন।’
হাছান মাহমুদের দাবি, গতকাল বুধবার বাংলামোটর এলাকার ঘটনাও খালেদা জিয়া উসকানিমূলকভাবে ঘটিয়েছেন। সেদিন তাঁর গাড়িবহর দুজন বিক্ষোভকারীকে চাপা দিলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে এ ধরনের ঘটনা ঘটিয়ে তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চান।
সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমেরও সমালোচনা করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘মনজুর আলম চট্টগ্রামকে আবর্জনার ভাগাড়ে পরিণত করেছেন। চট্টগ্রাম নগরে যেখানে কখনো পানি ওঠেনি সেখানে একটু বৃষ্টি হলেই হাঁটু বা কোমরসমান পানি ওঠে।’
ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন সাধারণ জনগণের উদ্দেশে বলেছেন, ‘সাবেক মেয়র এখন নানা ছলচাতুরী করে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। তাই আপনাদের সচেতন থাকতে হবে।’ আজ চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিজিএস কলোনি সরকারি কার্যভবন-১ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সাবেক মেয়র মনজুর আলমের সমালোচনা করে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘গত পাঁচ বছর নাকি তিনি সিটি করপোরেশন পরিচালনায় সরকারি সহায়তা পাননি। এখন প্রশ্ন হচ্ছে, যে সরকারের সহায়তা তিনি পাননি সে সরকার তো আরও প্রায় চার বছর ক্ষমতায় থাকবে। মনজুর আলম আবারও যদি মেয়র হন তাহলে সরকারি সহায়তা পাওয়ার নিশ্চয়তা কি? আর এই সরকারি সহায়তা না পেলে তিনি নগরীর উন্নয়ন করবেন কীভাবে? তাই সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়।’
গণসংযোগে আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।