খালেদা মানুষের রক্তে হাত রঞ্জিত করেছেন: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যর্থ আন্দোলনের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আন্দোলনে সব হারিয়ে বিএনপি এখন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে তারা সব প্রার্থীর সমঅধিকারের কথা বলছেন। কয়েক দিন আগেও যে নেত্রীর নির্দেশে নিরপরাধ সাধারণ মানুষকে জ্বালিয়ে, পুড়িয়ে হত্যা করা হয়েছে, সে নেত্রীর ভোট আহ্বান এ দেশের সাধারণ মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। সাধারণ মানুষের অধিকার আদায়ের বুলি আউড়িয়ে খালেদা জিয়া সাধারণ মানুষের রক্তেই নিজের হাত রঞ্জিত করেছেন।
আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের চরাঞ্চল খাস রাজবাড়িতে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন। কাজিপুরের দাঁদবয়ড়া মাদ্রাসা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা পেট্রলবোমা মেরে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করে, জনগণ কোন দিনই তাদের সমর্থন দেবে না। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনেও নগরবাসী তাদের প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, অনেক উন্নত দেশের সরকার যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের উন্নয়ন সহযোগী হওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া জনগণের প্রতি আস্থা না রেখে বিদেশি প্রভুদের ওপর ভর করে নানা ষড়যন্ত্র করছেন। ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। এটা তাদের দুঃস্বপ্ন। এ স্বপ্ন কোনো দিনই বাস্তবায়ন হবে না।

খাস রাজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার প্রমুখ।