খালেদা, মার্কিন রাষ্ট্রদূত ও নাগরিক সমাজের বক্তব্যে ষড়যন্ত্র দেখছেন ইনু
কাছাকাছি সময়ে খালেদা জিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দেওয়া বক্তব্য এবং উদ্বিগ্ন নাগরিক সমাজের সংবাদ সম্মেলন একই সূত্রে গাঁথা বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আলোচনা সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া বলেছেন, শিগগিরই সরকার পতন হবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, বঙ্গবন্ধুর খুনিকে রাজনৈতিক আশ্রয় দিয়ে দিলাম। আর তথাকথিত নাগরিক সমাজ সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চান।’ তিনি বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা না। ১৫ আগস্টের আগে এ ধরনের বক্তব্য বড় কোনো ষড়যন্ত্রেরই অংশ।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, যেসব দেশ বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দিচ্ছে না তারা ধিক্কৃত হবে, তাদের গণতন্ত্র প্রশ্নের মুখে পড়বে।
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, বঙ্গবন্ধু এ দেশের জাতির পিতা, স্বপ্নদ্রষ্টা। তিনি যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখতেন ভারত সব সময় সেই স্বপ্ন পূরণে বাংলাদেশের পাশে থাকবে।
অনুষ্ঠানে বেসামরিক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, লেখক সৈয়দ শামসুল হক, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা-বিষয়ক সম্পাদক বদিউজ্জামান বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন বিএসএমএমইউয়ের উপাচার্য কামরুল হাসান খান।