খালেদা জিয়া বিএনপিকে একটি সন্ত্রাসী দলে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, খালেদা জিয়া ‘সন্ত্রাসী নেত্রী’ হিসেবে রাজনৈতিক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
গতকাল সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
৭ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের দেওয়া বক্তব্যের জবাব দিতে গতকাল এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তথ্যমন্ত্রী। মন্ত্রীর লিখিত বক্তব্যে বলা হয়, মওদুদ আহমদ বলেছেন সরকার দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক শক্তিসমূহকে দুর্বল ও নিঃশেষ করে দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে বলে আজ কিছু বিপথগামী এই সুযোগ গ্রহণ করে দেশে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টির চেষ্টা করছে। জঙ্গিবাদের উত্থানের এই সুযোগ সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টির জন্য সরকারই দায়ী।
তথ্যমন্ত্রী বলেন, মওদুদ আহমদের এই বক্তব্য দেশে জঙ্গিবাদের উত্থান ও বিএনপির-জামায়াত জঙ্গিবাদীদের সম্মিলিত আগুন-সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যকর রাজনীতিকে আড়াল করার ব্যর্থ চেষ্টামাত্র।
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে জামায়াত নির্বাচন কমিশনের দৃষ্টিতে রাজনৈতিক দল হিসেবে অনুমোদন হারিয়েছে। জামায়াত এখন যে অবস্থায় আছে তাতে তারা রাজনীতি করার উপযুক্ত নয়। জামায়াত জঙ্গি কার্যক্রম করছে।
সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ উপস্থিত ছিলেন।