খালেদা সন্ত্রাসবাদী নেত্রী: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন ও সাংবিধানিক পদ্ধতি ধ্বংস করতে ব্যর্থ হওয়ার পর থেকে খালেদা জিয়া আন্দোলনের নামে নিছক সন্ত্রাসবাদ করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কার বলতে চাচ্ছি, বেগম খালেদা জিয়া একজন অশান্তবাদী এবং সন্ত্রাসবাদী নেত্রী।’

আজ শুক্রবার সকালে কুষ্টিয়ায় বিভিন্ন মিডিয়ার স্থানীয় প্রতিনিধিদের কাছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ মন্তব্য করেন।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সুধী সমাবেশ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তথ্যমন্ত্রী ওই সভার প্রধান অতিথি ছিলেন।
তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়ার অতীতের দুই তিন বছরে অবস্থান সন্ত্রাসবাদী ও জঙ্গিবাদী। এর জন্য উনি কোনো ক্ষমা বা মাফ চাননি। নির্বাচনের নামে উনি জঙ্গিবাদী, যুদ্ধাপরাধী এবং পারিবারিক দুর্নীতি আড়াল করার চেষ্টা করছেন।’

খালেদা জিয়াকে আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘আপনি অশান্তি, সন্ত্রাসবাদের পথ পরিহার করে গণতন্ত্রের ভাষায় কথা বলুন।’
এ সময় সেখানে জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলিম, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।