খালেদা সম্পর্কে মিথ্যাচার করেছেন প্রধানমন্ত্রী: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে তাঁর নিজ কার্যালয়ে ইট, বালি ও কাঠের ট্রাকসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রাখার পরও তাঁকে অবরুদ্ধ করা হয়নি বলে প্রধানমন্ত্রী জাতির সামনে মিথ্যাচার করেছেন।
আজ বুধবার দুপুরে এক বিবৃতিকে তিনি আরও বলেন, ‘সারা দেশে অবরোধ কর্মসূচি দিয়ে খালেদা জিয়া মানুষ হত্যা করছেন, তাঁকে বিচারের মুখোমুখি করা হবে বলে প্রধানমন্ত্রী যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তাতে জাতির কাছে আরেকটি মিথ্যাচারের অবতারণা করেছেন তিনি (প্রধানমন্ত্রী)।’
খালেদা জিয়াকে ‘খুনি’ বলে আখ্যায়িত করে বিচারের মুখোমুখি করার হুমকি দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।
রিজভী আহমেদ প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপির সদর দপ্তর তালাবদ্ধ রেখে প্রতিদিন বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, প্রতিদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাদা পোশাকধারীরা তথাকথিত বন্দুকযুদ্ধের নামে কোনো না কোনো মায়ের বুক খালি করছে। এসব পৈশাচিক ও মানবতাবিরোধী অপকর্মগুলো কার নির্দেশে তামিল করা হচ্ছে সেটিও জনগণ জানে।’
রিজভী বলেন, গায়ের জোরে ক্ষমতা দখল করে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালাতে একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েম করার মাধ্যমে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করে বিরোধী দলের ওপর দোষ চাপানো হচ্ছে। আর এ ক্ষেত্রে গণমাধ্যমগুলোকে কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করছে সরকার।
সরকারকে ‘ভয়ংকর গণদুশমন’ হিসেবে মন্তব্য করে রিজভী অভিযোগ করেন, ‘কথিত বন্দুকযুদ্ধে বিএনপির নেতা-কর্মীদেরকে হত্যার জন্য পুলিশকে সমর্থন দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেন হিটলারের সহযোগী নাৎসি আইখম্যানের ভূমিকা পালন করছেন।’