খালেদা সম্পর্কে 'অশালীন' মন্তব্য করেছে শাসক গোষ্ঠী
খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে শাসক গোষ্ঠী ‘কুৎসিত ও অশালীন’ মন্তব্য করেছে বলে অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়েছে বিএনপি। ভবিষ্যতে এ ধরনের আচরণ করা থেকে শাসক গোষ্ঠীকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
আজ শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বগুড়ায় গতকাল বৃহস্পতিবার জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।
আসাদুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী বগুড়ার জনসভায় তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে যে ভাষায় আক্রমণ করেছেন, তা কতটা রুচিসম্মত হয়েছে, বিএনপি দেশবাসীর কাছে সে প্রশ্ন রেখে বলতে চায়, আওয়ামী লীগ সভানেত্রীর মন্তব্যে তাঁর দল বিব্রত কি না জানি না। তবে দেশের মানুষ রাজনীতির নামে এ জাতীয় মন্তব্য-বক্তৃতায় খুবই অস্বস্তিতে পড়েন এবং মোটেও ভালো চোখে দেখেন না।’
বিএনপির মুখপাত্র বলেন, আওয়ামী লীগ সভানেত্রী কথায় কথায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অরাজনৈতিক ভাষায় মন্তব্য করে থাকেন। তাঁর সহযোগীরাও কেউ মন্ত্রিত্ব রক্ষায়, কেউ মন্ত্রিত্ব ফিরে পেতে একই পথ অনুসরণ করেন, যা রাজনীতির শিষ্টাচার ও রুচিবোধের মধ্যেই পড়ে না।
বিএনপির এই নেতা বলেন, এসব মন্তব্যের পাল্টা জবাবে রাজনীতির পরিবেশ আরও কলুষিত হবে বলেই বিএনপি এ থেকে বিরত থাকে। শাসক গোষ্ঠী যতই খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে অশালীন ও অরুচিকর মন্তব্য করেন, জনগণের কাছে তাঁদের অবস্থান অত্যন্ত দৃঢ়। বিএনপি মনে করে, সরকার হিংসাশ্রয়ী ও প্রতিশোধ স্পৃহায় উজ্জীবিত হয়ে যে আচরণ করে যাচ্ছে, সময় থাকতেই শাসক দলের ক্ষান্ত হওয়া উচিত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ফজলুল হক, সানা উল্লাহ মিয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, নূরে আরা সাফা, শিরীন সুলতানা প্রমুখ।