খালেদা সম্পর্কে 'অশালীন' মন্তব্য করেছে শাসকগোষ্ঠী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে শাসকগোষ্ঠী ‘কুৎসিত ও অশালীন’ মন্তব্য করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি এর প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ-জাতীয় আচরণ করা থেকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী বগুড়ার জনসভায় (গত বৃহস্পতিবার) তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে যে ভাষায় আক্রমণ করেছেন, তা কতটা রুচিসম্মত হয়েছে, বিএনপি দেশবাসীর কাছে সে প্রশ্ন রেখে বলতে চায়, দেশের মানুষ রাজনীতির নামে এ-জাতীয় মন্তব্য-বক্তৃতায় খুবই অস্বস্তিতে পড়েন এবং মোটেই ভালো চোখে দেখেন না।’
বিএনপির মুখপাত্র বলেন, আওয়ামী লীগ সভানেত্রী কথায় কথায় খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে অরাজনৈতিক ভাষায় মন্তব্য করে থাকেন। আর কেউ মন্ত্রিত্ব রক্ষায়, কেউ মন্ত্রিত্ব ফিরে পেতে একই পথ অনুসরণ করেন, যা রাজনীতির শিষ্টাচার ও রুচিবোধের মধ্যে পড়ে না।