খালেদা সম্পর্কে 'রুচি বিবর্জিত' বক্তব্য দেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়া সম্পর্কে ‘রুচিবিবর্জিত ও উত্তেজক’ বক্তব্য না দেওয়ার জন্য সরকার ও আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল রোববার দলের পক্ষে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ এই আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের বক্তব্য রাজনীতির পরিবেশকে আরও দূষিত করে তোলে।
‘খালেদা জিয়ার জনগণের সামনে দাঁড়ানোর অধিকার নেই’—প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য তাদের দৃষ্টিগোচর হয়েছে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপি নেতৃবৃন্দকে জনগণের কাছে যেতে বাধা না দিয়ে একবার প্রমাণ করুন জনগণ কার পক্ষে আছে। খালেদা জিয়াকে গত ৫ জানুয়ারি থেকে কার্যত অন্তরীণ রেখে তাঁর বের হওয়ার পথে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে সরকার প্রমাণ করেছে, তারা নিজেরাই জনগণের সামনে দাঁড়ানোর সাহস হারিয়ে ফেলেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, খালেদা জিয়া আইন-আদালতের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল। নিরাপত্তাজনিত কারণে তিনি কয়েক দফা আদালতে উপস্থিত হতে পারেননি। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পরই তিনি আদালতে উপস্থিত হয়েছেন। বিএনপির প্রশ্ন, ‘আওয়ামী লীগ সভানেত্রী বিরোধী দলে থাকাকালে তাঁর বিরুদ্ধে রুজু মামলায় তিনি কতবার আইন-আদালতের প্রতি সম্মান দেখিয়েছেন?’